জামালপুর সদরের সাবেক সাব রেজিস্ট্রার মির্জা মো. আতাহারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলার ফাইনাল রিপোর্টের (এফআরটি) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন ফাইনাল রিপোর্ট অনুমোদনের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম মামলাটি তদন্ত করেছেন বর্তমানে মির্জা মো. আতাহার মাদারিপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত রয়েছেন।
দুদক সূত্র জানিয়েছে, ৬ লাখ ৪৯ হাজার টাকার তথ্য গোপন ও ৪৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১১ সালের ১৯ জানুয়ারি দুদকের সাবেক সহকারী পরিচালক মাহফুজা খাতুন (বর্তমানে উপ-পরিচালক) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, সাব-রেজিস্ট্রার মির্জা মো. আতাহারের অঢেল অবৈধ সম্পত্তি রয়েছে। রাজধানীর বনানীতে রয়েছে সাত তলা ভবন। যা ‘স্টোন চিফস’ দিয়ে তৈরি। এ বাড়ি নির্মাণ ব্যয় এক কোটি ছয় লাখ টাকা। তার নামে টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায় ছয় শতক জমি, চুয়াইনগরে ছয় বিঘা জমি, ভুয়াপুরে ৬৪ শতক জমি, মানুরআটায় ১১৪ শতক জমি রয়েছে। এ ছাড়া ব্যাংকে নগদ জমা রয়েছে চার লাখ ১৯ হাজার টাকা। তবে তদন্ত সংশ্লিষ্টদের দাবি, মো. আতাহারের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছিল তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি। তার যে সব সম্পদ রয়েছে তা বৈধ।
ইঅ/চৌফে/শ১৮৭
