ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ও বাজারে একের পর এক হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এগুলোর অধিকাংশই গাড়ি বোমা হামলা। কর্মকর্তারা জানান, একটি বাজারের কাছে পুলিশের একটি চৌকিতে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। চৌকিটিতে জোড়া গাড়িবোমা হামলা চালানো হয়।
পুলিশ জানায়, নিউ বাগদাদের দক্ষিণপূর্বাঞ্চলের একটি চেকপয়েন্টে এক আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালালে ৫ পুলিশ নিহত ও আরো ৯ জন আহত হয়। পরে দ্বিতীয় হামলাটি চালানো হয়। বাজারের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরিত হলে ১৪ জন নিহত ও আরো ৩৫ জন আহত হয়। এই হামলায় বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়।
