ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড ও রতনপুর রি-রোলিং স্টিল মিলস (আরএসআরএম)। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ করে কোম্পানি দুটিকে ডিএসইতে শেয়ার লেনদেন করার অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হবে। এর পরই কোম্পানি দুটির আবেদনের প্রেক্ষিতে ডিএসইর নির্ধারিত সময় অনুযায়ী সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেন চালু হবে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১৫তম সভায় সাইফ পাওয়ারটেকর আইপিও অনুমোদন দেয়। এর প্রেক্ষিতে গত ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত আইপিও আবেদন জমা নেওয়া হয়। গত ৭ আগস্ট সাইফ পাওয়ারটেক আইপিও লটারির সম্পন্ন করে। কোম্পানিটি শেয়ার প্রতি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা মূল্যে বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করে ৩৬ কোটি টাকা। আরএসএমের আইপিও অনুমোদন দেয়া হয় গত ৬ মে। ১৩ জুলাই থেকে কোম্পানির আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়। কোম্পানিটি শেয়ার প্রতি ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা মূল্যে আড়াই কোটি শেয়ার ছাড়ে।
ইঅ/চৌফে/শ১৭৫
