অবৈধভাবে ক্ষমতায় থাকতেই বিচারপতি অভিশংসন আইন: এম কে আনোয়ার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪১
 
 
 
 
 
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতেই বিচারপতি অভিশংসন আইন ও গণমাধ্যম নীতিমালা করেছে। বৃহস্পতিবার বিকালে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে জগতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে রাজনীতি, গণতন্ত্র ও সরকার নেই। তাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
তিনি আরো বলেন, সারা দেশ এখন একটি কারাগারে পরিণত হয়েছে এই কারাগারকে ভাঙতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনবিরোধী সকল আইন বাতিল করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
এম কে আনোয়ার বলেন, বিএনপিসহ ২০ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। সরকার হামলা-মামলা করে রাজনীতি থেকে দূরে সরাতে চায়। তা  কোনো দিন সফল হবে না।
ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূইয়া, জেলা বিএনপির সেক্রেটারী আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, হোমনা উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, তিতাসের ভাইস চেয়ারম্যান সামিয়া ফেরদৌসী শিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গণি প্রমুখ।