অটিজম কাজে বাংলাদেশ সব সময়ই নেতৃত্বে ছিল : সায়মা হোসেন পুতুল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪৮
 
অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল অটিজমের বিরুদ্ধে সমন্বয়মুখী পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করে বলেছেন, অটিজম নিয়ে কাজের ক্ষেত্রে বাংলাদেশ সব সময়ই নেতৃত্বের ভূমিকায় ছিল। এই ভূমিকা অব্যাহত রাখার ব্যাপরের তিনি জোর দেন। আমি মনে করি এখন আমাদের সমন্বয়মুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রত্যেকেটি দেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প নিতে হবে, যাতে অটিস্টিকদের সেবার খরচ কমিয়ে এনে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা যায়। 
অটিজম নিয়ে কাজের ক্ষেত্রে বাংলাদেশ সব সময়ই নেতৃত্বের ভূমিকায় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভূমিকা আমরা অব্যাহত রাখতে চাই’। 
সায়মা হোসেন  বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত স্বাস্থ্যমন্ত্রীদের অটিজম বিষয়ে এক কর্মশালা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বিশ্ব সংস্থার আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও আঞ্চলিক কমিটির সভার অটিজম বিষয়ক পার্শ্ব ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কন্যা বলেন, অটিজম আক্রান্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাড়িয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিও সংশ্লিষ্টদের জন্য এখন চ্যালেঞ্জ। 
‘আন্তর্জাতিক সমর্থন আদায়ে সফল হয়েছি’ জানিয়ে সংবাদ সম্মেলনে পুতুল বলেন, অটিস্টিক ব্যক্তি, তাদের পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে অটিজমের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করাই এ উদ্যোগের মূল ধারণা। 
সায়মা হোসেন বলেন, শুধু সচেতনতা সৃষ্টিই নয়, অটিজম আক্রান্তদের প্রশিক্ষণ, দিক নির্দেশনাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নও এক ধরনের চ্যালেঞ্জ। 
সায়মা হোসেন পুতুল সম্প্রতি অটিজম নিযে কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। খবর বাসস