‘ষোড়শ সংশোধনী বিল দুরভিসন্ধিমূলক’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৩



সংসদে ষোড়শ সংশোধনী বিল উত্থাপন সরকারের দুরভিসন্ধিমূলক উদ্যোগ বলে ২০ দলীয় জোটের সমাবেশ থেকে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোহরাওয়ার্দি উদ্যানে জোটের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার অবৈধ একটি সরকার। তড়িঘড়ি করে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদে ফিরিয়ে দেয়ার বিল এনেছে। এটা দুরভিসন্ধিমূলক। এর সঙ্গে অনেক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, কর্ম কমিশন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বিষয় জড়িত। এই বিল সংসদে পাস হলে এসব প্রতিষ্ঠানের বিচারপতিরা আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

মির্জা আব্বাস বলেন, এই অভিশংসনের পর যে বিচারপতি একদিন এই প্রধানমন্ত্রীকে ( শেখ হাসিনা) রং হেডেড বলেছিলেন, তার কি হবে--। ওই বিচারপতি দেশে আছেন কিনা জানি না। যদি থাকেন তাহলে দেশ ছাড়ুন।

সমাবেশে দেয়া বক্তব্যে স্থায়ী কমিটির অপর সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, বিচার বিভাগকে ‘পুরোপুরি’ নিয়ন্ত্রণে নিতে সরকার তড়িঘড়ি করে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে এনেছে। এর বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে উৎখাত করতে হবে।