সাংবাদিক এবং বিচারপতি কেউ জবাবদিহিতার উর্ধ্বে নন: তথ্যমন্ত্রী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ২০:০৩



তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র মানে সকলের জবাবদিহিতা। রাজনীতিবিদ, এমপি, মন্ত্রীরা যেমন জবাবদিহিতার উর্ধ্বে নন, তেমনি আমলা, সাংবাদিক এবং বিচারপতিরাও জবাবদিহিতার উর্ধ্বে নন। আইনের উর্ধ্বে নন। তাদেরকেও সমাজের কাছে জবাবদিহি করতে হবে।’ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ-সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তরুণ লেখক তাসলিমা আক্তার মুক্তির প্রথম উপন্যাস ‘বিভোর রাত’র প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজির অধ্যাপক রোকসানা আহমেদ রুক্সি, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কবি ও সাংবাদিক আহমেদ আখতার এবং ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সোহেল আজাদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার জিয়াউর রহমান মধু।
হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের পাশে বসে আর যাই হোক গণতন্ত্রের চর্চ্চা করা যায় না। গণতন্ত্রের চর্চ্চা করতে হলে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। সমাজের কাছে জবাবদিহি করতে হবে। সবাইকে জবাবদিহি করতে হবে।