বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেমিনার হলে ‘১৯৭২ সালের সংবিধান: বিচারপতিদের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য প্রদানকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ড. কামাল হোসেন ও আমীর-উল-ইসলামকে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত না মোলানোর আহ্বান জানিয়ে বক্তব্য দেন। ড. কামাল হোসেন ও আমীর-উল-ইসলামের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংবিধানপ্রণেতা। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আপনারাই সংসদকে দিয়েছিলেন। আজকে তাহলে কেন ডিগবাজি খাচ্ছেন। কী উদ্দেশ্যে করছেন, কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন?’
অ্যাটর্নি জেনারেল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, কোরিয়া, ফিনল্যান্ডসহ পৃথিবীর বেশির ভাগ দেশে সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া আছে। এই বিধান থাকার ফলে বিচারপতিরা তাঁদের অবস্থান সম্পর্কে সজাগ থাকন। এ কারণেই ভারতের ৬৫ বছরের ইতিহাসে মাত্র তিনজন বিচারপতিকে অভিশংসনের মুখোমুখি হতে হয়েছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু প্রমুখ।
