গোয়েন্দা (ডিবি) পুলিশ সেজে ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যবসায়ীকে তাড়া করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ৪ ভুয়া ডিবি পুলিশ। এদের মধ্যে সাবেক এক পুলিশ কনস্টেবলও রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এই ৪ জনকে গ্রেফতার করে। এ সময় একটি মাইক্রোবাসসহ গ্রেফতারকৃতদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা দুইটি জ্যাকেট, ৮হাজার জাল টাকা, ১টি ওয়াকিটকি ও ১ জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সম্প্রতি বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণ নগর গ্রামের কিবরিয়া, তার সহযোগী বরগুনা জেলার বেতাগী উপজেলার দেশান্তরকাঠি গ্রামের লতিফ মাহমুদের ছেলে জয় মাহমুদ, একই জেলার আমতলী উপজেলার চাউয়ারা গ্রামের লালমিয়ার ছেলে শাহজাহান ও বরিশাল সদর উপজেলার কড়াপুর গ্রামের সোবাহানের ছেলে ইউনূস আলী।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-০৬৪৯) উত্তরাঞ্চল থেকে ঢাকা যাবার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের সন্দেহ হয়। তারা সেতুর পশ্চিম প্রান্তে গোল চত্বর এলাকায় মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করে। এ সময় মাইক্রোবাসটি পুলিশের সিগন্যাল অমান্য করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার দিকে অগ্রসর হয়। পশ্চিম থানা পুলিশ বিষয়টি টোলপ্লাজা কর্তৃপক্ষকে জানালে তারা মাইক্রোবাসটি আটক করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। মাইক্রোবাসটি টোল না দিয়েই বঙ্গবন্ধু সেতুর ব্যারিকেড ভেঙ্গে সেতু পঅতিক্রম করার চেষ্টা করে। বিষয়টি সেতু পূর্ব থানাকে জানালে পূর্ব থানা পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়। এসময় মাইক্রোবাসের যাত্রীরা সেতুর পূর্বপ্রান্তে পৌঁছে সেতুর উপরেই গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে । এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ ধাওয়া করে কনস্টেবল কিবরিয়া, জয় মাহমুদ, শাহজান, ইউনুস আলী নামের এই ৪ জনকে আটক করে। তবে তাদের আরও ২ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ লেখা ২টি জ্যাকেট, ৮হাজার জাল টাকা, ১টি ওয়াকিটকি সেট এবং ১ জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, আটককৃতরা প্রাথমিক জিঞ্জাসাবাদে পুলিশকে জানিয়েছে তারা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের আটক করে জাল টাকা দিয়ে গ্রেফতার ও হয়রানির মিথ্যে ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনতাই করতো। একই উদ্দেশ্যে বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ওয়াহাব নামের এক ব্যবসায়ীকে তারা টার্গেট করে। ওই ব্যবসায়ী সিরাজগঞ্জ রোড এলাকা থেকে প্রাইভেটকারযোগে সেতু অতিক্রম করে কালিহাতী যাবার পথে তাকে আটক করে ছিনতাই করার পরিকল্পনা কওে তারা। কিন্তু প্রাইভেট কারটি সেতুর পশ্চিম পাড়ে আটকের চেষ্টা করলে সেটি থামেনি। পরে কারটি সেতু অতিক্রম করে। আর ঐ কারটিকে ধাওয়া করতে গিয়েই তারা ধরা পড়েছে ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় এ ধরনের প্রায় দেড় শতাধিক মামলা রয়েছে। তাদের ছিনতাইকারী হিসেবে গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
