ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে আটক ১২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে ৮টি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, আটকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।
তিনি বলেন, জালিয়াতির অভিযোগে কার্জন হল কেন্দ্র থেকে তিনজন, ধানমন্ডির আইডিয়াল কলেজ থেকে তিনজন, ইডেন মহিলা কলেজ থেকে একজন, আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন, আজিমপুর গার্লস স্কুল থেকে একজন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন, নীলক্ষেত হাইস্কুল থেকে একজন ও নটরডেম কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্যম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৪৪২ জন।