ঢাকার সাভারে স্যুটকেসের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তার লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৮। পুলিশ জানিয়েছে, সেলোয়ার কামিজ পরা ওই তরুণীর মুখমণ্ডল ক্যামিকেল দিয়ে বিকৃত করা ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাভার ব্যাংকটাউন স্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে লাশ ভর্তি স্যুটকেসটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, সকালে পথচারীরা ব্যাংকটাউন বাস স্ট্যান্ডের কাছে মহাসড়কের পাশে একটি বড় স্যুটকেস পরে থাকতে দেখে সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে ভেতরে তরুণীর লাশ দেখতে পায়।
তিনি আরো বলেন, লাশের পরিচয় যাতে শনাক্ত করা না যায় সেজন্য কেমিক্যাল দিয়ে মুখটি বিকৃত করে দিয়েছে হত্যাকারীরা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করা হবে।
