কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার শিপনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর ছোটরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিপন ঐ এলাকার শাহিন মিয়ার ছেলে। এ সময় শিপনের বাড়ি থেকে তার সহযোগী উত্তর চর্থার সঞ্জিত ও রাসেলকেও গ্রেফতার করা হয়েছে। বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর কুমিল্লা সরকারি কলেজ থিয়েটারের একটি অনুষ্ঠানে শিপন গ্রুপের কর্মীরা ছাত্রলীগের আবদুল হাদি গ্রুপের কর্মীদের উপর হামলা করে। এসময় ক্যাম্পাসে ৭/৮ রাউন্ড গুলিবর্ষণ এবং ৫টি মোটরসাইকেল ভাংচুর করে। পরে একইদিন রাত সাড়ে ৯টায় নগরীর রেইসকোর্স এলাকায় ছাত্রলীগ নেতা আবদুল হাদিকে কুপিয়ে গুরুতর আহত করে শিপন গ্রুপের কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতা আবদুল হাদি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় শিপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার পুলিশ শিপনকে গ্রেফতার করে। কোতয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, প্রতিপক্ষের উপর হামলা করার মামলায় শিপনকে গ্রেফতার করা হয়েছে।
