অবসর গ্রহণের পর সাধারণ বাড়িতেই উঠবেন কারজাই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৬
 
 
 
আফগানিস্তানের বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই তার জন্য বিশেষভাবে বিপুল অর্থ ব্যয়ে তৈরি বাড়িতে না উঠে সাধারণ একটি বাড়িতে উঠার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্য দিয়ে তার দেশের রাজনীতিতে আরো সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রতিফলন ঘটবে। প্রেসিডেন্টের মুখপাত্র আইমাল ফাইজি এ মন্তব্য করেন। খবর এএফপির।
প্রেসিডেন্টের পদ ছেড়ে দেয়ার পর কারজাইয়ের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিরাট একটি এলাকাজুড়ে নির্মিত বাড়িটিতে ওঠার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি একটি ডিক্রি জারি করেন যে, এই সম্পত্তি বিদেশি অতিথি ও পরবর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করতে আসা প্রতিনিধিদের জন্যই উপযুক্ত। তাই একে একটি রাষ্ট্রীয় অতিথি ভবন বানানোই বেশি বাঞ্ছনীয় হবে। বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, বাড়িটি অবসরপ্রাপ্ত প্রেসিডেন্টের (কারজাই) জন্যই তৈরি করা হয়েছিল এবং আজকে তার উদ্বোধনের কথা ছিল।’
তিনি আরো বলেন, ‘কিন্তু প্রেসিডেন্ট কারজাই এখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এটা বেশি বড় এবং তিনি বলেছেন যে এটাকে সরকারি অতিথিশালা বানালেই ভাল হবে। মুখপাত্র বলেন, তিনি শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তিনি বাড়িটি নির্মাণের সময় প্রকল্পটি ঘুরে দেখে মন্তব্য করেন যে একজন সাধারণ আফগানের জীবনযাত্রার চেয়ে বাড়িটির মান খুব বেশি। সুতরাং এটা তার ভবিষ্যত্ বাসভবন হবে না।
 
ইঅ/চৌফে/শ১৮১