প্রধানমন্ত্রীর কাছে সহকারী শিক্ষকদের ৫ দফা দাবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ২০:২৭
 
বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দফা পূরণে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল বলেন, শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেডর সময় প্রধান শিক্ষকদের দুই ধাপ আর সহকারীদের মাত্র এক ধাপ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান শিক্ষকদের দ্বিতীয়  শ্রেণীর পদমর্যাদা দেওয়ায় এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল তিন ধাপ নিচে নির্ধারণ করায় শিক্ষকগণ মানসিকভাবে ভেঙে পড়েছেন।
শিক্ষকদের দাবিগুলো হল— সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের এক ধাপ নিচের বেতন স্কেল প্রদান করা, সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে পদায়ন করে সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি দেওয়া, প্রধান শিক্ষকের শূন্যপদে শতভাগ পদোন্নতি দেওয়া, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়োগবিধিতে শিক্ষাগত যোগ্যতা এক ও অভিন্ন হওয়ায় উভয়পদ একই শ্রেণীভুক্ত করা, সহকারী শিক্ষকদের বেতন পুনর্নিধারণ না করা পর্যন্ত ঘোষিত আপগ্রেড স্কেল বাস্তবায়ন স্থগিত করা।
সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম জাফর, সহ-সভাপতি জসিম উদ্দিন, জিন্নাত আলী, যুগ্ম সম্পাদক মিন্টু লাল বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইঅ/চৌফে/শ২১২