শনিবার রাজধানীর গুলশান-২ এ বিমসটেক (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সচিবালয় উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিমসটেক সচিবালয় চত্বরে (বাড়ি নং-৬, রোড নং-৫৩ গুলশান-২) এ অনুষ্ঠানের আয়োজন করছে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকেট উন্মুক্ত করবেন।
বিমসটেক সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্তা সম্বলিত একটি বিশেষ ক্রোড়পত্র জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হবে।
বাংলাদেশে বিমসটেক সদর দফতরই হবে প্রথম কোন আন্তঃসরকার সংস্থার প্রধান কার্যালয়। বিমসটেক সদর দফতর স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিশাল কূটনৈতিক অর্জন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
আশা করা হচ্ছে বিমসটেক সচিবালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ভাবমূর্তি এবং বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা আরো জোরদার করবে।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে এ সংস্থা প্রতিষ্ঠিত হয়। মাত্র ৪ সদস্যদেশ ও সহযোগিতার ৬টি ক্ষেত্র নিয়ে এ সংস্থা গঠন করা হয়।
বর্তমানে ৭ সদস্যের এ সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড। বর্তমানে সহযোগিতার ক্ষেত্র ১৪টি উন্নীত হয়েছে। খবর বাসসের।
