এ বছরই সরকারের পতন: হান্নান শাহ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ২৩:৪৬

শুক্রবার বিকালে নোয়াখালীতে ২০ দলীয় জোটের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, “মাঝে মাঝে শোনা যায় আওয়ামী লীগ নাকি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ২০৪১ সাল নয়, ২০১৪ সালেই আওয়ামী লীগের পতন ঘটানো হবে।”

নোয়াখলীকে বিএনপির ঘাঁটি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা থেকে সরকারের পতন ঘটানোর দরকার নেই, জেলা থেকেই আন্দোলন করে এটি সম্ভব। আন্দোলনের ডাক নোয়াখালীর নেতাদের মধ্যে থেকেই আসবে।”
সরকারের বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ এনে হান্নান শাহ বলেন, “শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলতে গেলে তারা পুলিশ বাহিনী ও নিজেদের ক্যাডার বাহিনী দিয়ে নির্যাতন-নিপীড়ন করে, মিথ্যা মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের হয়রানি করছে। যতো ‘খুন-গুমই’ হোক, বিএনপি এ বছরের মধ্যে কঠোর আন্দোলনের ডাক দেবে বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
হান্নান শাহ বলেন, “সরকারের পুলিশ বাহিনী বলছে বিএনপির নেতাকর্মীদের দেখামাত্রই মাত্রই গুলি করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা এসব বেআইনি কথা বলছে বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিচার করা হবে।”
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিএনপির জেলা সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম, গোলাম হায়দার বিএসসি, কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব, জেলা বিএনপি নেতা এ বি এম জাকারিয়া ও আবদুর রহমান।