কুতুবদিয়ায় জলদস্যুতা : এখনো নিখোঁজ ২ জেলে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ০১:৩০

কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুরা ২৪ জেলেকে সাগরে নিক্ষেপ করে একটি মাছ ধরার ট্রলার লুট করেছে। এদের মধ্যে ২২ জনকে আরেকটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে। নিখোজ দুজন হলেন কুতুবদিয়া উপজেলার পূর্ব আলী আকবর ডেইল গ্রামের মো. কালুর ছেলে লেডু (৩৫) ও একই এলাকার আবদুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩)। নিখোঁজ দুই জেলের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়েছে। কিন্তু গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

ট্রলারের মাঝি নাছির উদ্দিন বলেন, ১ সেপ্টেম্বর কুতুবদিয়ার কামাল উদ্দিনের মালিকানাধীন ট্রলারটি নিয়ে (এফবি খাজা আজমীর) ২৪ জেলে গভীর সাগরে মাছ ধরতে যান। কয়েক দিনে তাঁরা ইলিশ, গুইজ্যা, চান্দাসহ কয়েক লাখ টাকার মাছ আহরণ করেন। ১১ সেপ্টেম্বর সকালে গভীর সাগর থেকে ট্রলারটি উপকূলে ফেরার সময় কুতুবদিয়া থেকে ২০ কিলোমিটার দূরে জাহাজখাড়িতে জলদস্যুর কবলে পড়ে। দস্যুরা প্রথমে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। তারপর সবাইকে সাগরে নিক্ষেপ করে মাছ-জালসহ ট্রলারটি লুট করে।
ট্রলারমালিক কামাল উদ্দিন বলেন, জেলেরা তিনজন দস্যুকে চিনতে পারে। এই দস্যুরা হলেন, তবলারচর গ্রামের জিয়াবুল, বাবুল এবঙ দক্ষিণ ধুরুং ইউনিয়নের পেঁচারপাড়ার নুরুল ইসলাম।

কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, সাগরে জলদস্যুদের অপতৎপরতায় জেলেরা মাছ ধরতে পারছেন না। গত সাত দিনে এই উপকূলে অন্তত আটটি ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা।