বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মানুষ শান্তিতে নেই। দেশের ভবিষ্যৎ অন্ধকারে আরো ছেয়ে যাবে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আমরা সহিষ্ণু রাজনৈতিক দল।
শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রকৌশলী সমাবেশে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকারি বাহিনী গুম-অপহরণ করছে। চরমপন্থী ও উগ্রপন্থীদের উত্থানের আশংকা বাড়ছে। আজকে মানুষের সম্মান নেই, জানমালের নিরাপত্তা নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন বলেছিলেন। তিনি বলেছিলেন-এরপরেও আলোচনা চলবে এবং একটি সমাঝোতা হলে সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন করা যাবে।
তিনি বলেন, এখন সেই অঙ্গীকার ভুলে গিয়ে তিনি আলোচনা ও সংলাপে বসতে অস্বীকার করছেন। আমরা এখনো এবং আমি আজ আবারো তাদেরকে আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার কাঠামোর ব্যাপারে সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছি।
