গৌরনদীর ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে আরো ২৫ ছাত্রী অসুস্থ্

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫০

বরিশালের গৌরনদী উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ শনিবার অজ্ঞাত রোগে আরো ২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। মাহিলাড়া হাইস্কুলের ১৫ জন, পালরদী হাইস্কুলের তিনজন, নলচিড়া হাইস্কুলের ছয়জন ও কাসেমাবাদ মাদ্রাসার এক ছাত্রী শনিবার স্কুলে এসে অসুস্থ্য হয়ে পড়েছে। তাদেরকে গৌরনদী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 
গত কয়েকদিনে গৌরনদী আগৈলঝাড়ার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দেড় শতাধিক ছাত্রী অজ্ঞাত রোগে অসুস্থ হওয়ার কারণে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে অনেক ছাত্র ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দেয়। এ কারণে শনিবার থেকে গৌরনদী উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
জানা গেছে, গত কয়েকদিন আগে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনে শতাধিক ছাত্রী অজ্ঞাত রোগে অসুস্থ্য হয়েছিল। গত বৃহস্পতিবার সকালে গৌরনদীর নলচিড়া হাইস্কুলের ৩৬ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বুধবার দুপুরে একই রোগে গৌরনদী পৌর এলাকার গেরাকুল আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সাত জন এবং মঙ্গলবার মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন, মাহিলাড়া হাইস্কুলের ৪৩ জন ও আগৈলঝাড়ার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে গুরুতর অসুস্থ্য চারজনকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ নিয়ে দুই উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. মোসলেম উদ্দিন খান জানান, অসুস্থ্য শিক্ষার্থীরা মার্কস সাইকোলোজিক্যাল ইললেস (এক প্রকার মানসিক ভারসাম্যহীন) রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে একজন আক্রান্ত হলে অন্যরাও অসুস্থ্য হয়ে পড়ে। ইতিপূর্বে যারা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল চিকিৎসার মাধ্যমে সবাই সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলেও তিনি জানান।