রাজশাহীর চারঘাটে পুকুরে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫৮
 
 
 
 
রাজশাহীর চারঘাটে পুকুরে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলো, উপজেলার ডাকরা পুর্বপাড়ার ইসলাম আলীর ছেলে গোলাম মোস্তফা (১১) এবং একই গ্রামের সাদুল আলীর ছেলে এখলাছুর রহমান খোকন (৯)। তারা উভয়ে ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের ডাকরা পুর্বপাড়ার এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ২ স্কুল ছাত্রের মৃত্যুতে ডাকরা এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টার পর ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে শিশু দুটিকে এক নজর দেখতে সহপাঠি, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার হাজার হাজার মানুষ ওই গ্রামে জড়ো হয়। বিকালে তাদের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
খোকনের দাদা মুনছুর রহমান জানান, প্রতিদিন সকালে খোকন ও মোস্তফা এক সাথে গোছল করে স্কুলে যায়। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে খোকন ও মোস্তফা গোছল করতে নামে পুকুরে। এ সময় তারা উপর থেকে লাফ দিয়ে পুকুরে খেলা করছিল। এক সময় খোকন ও মোস্তফা পুকুরে পানিতে লাফ দিয়ে আর না উঠায় পুকুরের  উপরে দাঁড়িয়ে থাকা খোকনের ছোট ভাই ৩য় শ্রেণির ছাত্র লিখন চিত্কার করতে থাকে এবং বলতে থাকে দাদা ভাই পানি থেকে উঠছে না। এ সময় খোকনের দাদা মুনছুর রহমান দৌড়ে পুকুর পাড়ে গিয়ে দেখে পুকুরের পানিতে তারা দুজনেই তলিয়ে গেছে। এ সময় মুনছুরের চিত্কারে প্রতিবেশী দাদা আলহাজ্ব আব্দুর রহমান পানিতে তলিয়ে যাওয়া দুই শিশুকে খোঁজা শুরু করেন। পরে এলাকার যুবকরা পানিতে ডুব দিয়ে শুরু করে তলিয়ে যাওয়া শিশু দুটিকে উদ্ধারে। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর তলিয়ে যাওয়া তাদের উদ্ধার করে।