সাত খুনের দায় স্বীকার করলেন আরও এক র‌্যাব সদস্য

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৭



নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিলিং মিশনে অংশ নেয়া র‌্যাব-১১ এর আরো এক সদস্য। নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবিদ হোসেনের আদালতে শনিবার বিকেলে পুলিশ থেকে র‌্যাবে যোগ দেয়া এসআই পূর্ণেন্দু বালা জবানবন্দি দেন।
কমিশনার নজরুলসহ সাতজনকে অপহরণ ও হত্যার বর্ণনা দিয়েছেন পূর্ণেন্দু বালা। আলোচিত এই হত্যাকা-ের জন্য পুরো দোষারোপ করেছেন র‌্যাব-১১ এর চাকুরিচ্যুত ৩ কর্মকর্তাকে।
৭ খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাব-১১ এর ১০ জন সদস্য দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নূর হোসেনের দুই সহযোগীও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া র‌্যাব-১১ এর ৯ জন সদস্য আদালতে স্বাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয় জনের লাশ পাওয়া যায়। পরদিন ১ মে আরও একজনের লাশ পাওয়া যায়।