সংবেদনশীল রাষ্ট্রীয় তথ্যের যোগাযোগের ক্ষেত্রে ইমেইলের জনপ্রিয় দুই সেবা ইয়াহু এবং জিমেইলকে নিষিদ্ধ করা হতে পারে ভারতে। দেশটির ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠিয়েছে। চলতি মাসের শেষের দিকে এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত মতামত জানাবে দেশটির মন্ত্রিসভা। খবর পিটিআইয়ের।
সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যোগাযোগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজস্ব সিকিউর ইমেইল সার্ভার ব্যবহার করে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই পদ্ধতি অনুসরণ করবে। অন্যান্য মন্ত্রণালয়গুলো ইয়াহু মেইল বা জিমেইলের মতো সেবা ব্যবহারের পরিবর্তে ভারতের ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারের (এনআইসি) নিজস্ব সেবা ব্যবহার করবে।
ভারতের ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে দেশটির কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৫ থেকে ৬ লক্ষ কর্মকর্তা এনআইসির ইমেইল সেবা ব্যবহার করবে।
হ্যাকারদের আক্রমণে সাম্প্রতিক সময়ে জিমেইলের প্রায় ৫০ লক্ষ আইডি ও পাসওয়ার্ডের সমন্বয় প্রকাশিত হয়ে যাওয়ার ঘটনাসহ হ্যাকিংয়ের অন্যান্য ঘটনা ভারতকে এই সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দ সংস্থায় কর্মরত অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ নথি থেকে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ বিভিন্ন ইমেইল সেবা ও অনলাইন সেবায় নজরদারি করে থাকে। ফলে অনেক রাষ্ট্রই এখন রাষ্ট্রীয় যোগাযোগের জন্য নিজস্ব সেবা ব্যবহারে মনোযোগী হচ্ছে।
