জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র আমন্ত্রণে জাপান সফরের দ্বিতীয়দিনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর উইমেন, টোকিও ২০১৪ (ডব্লিউএডব্লিউ টোকিও)’ শীর্ষক সম্মেলনের উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী বৈঠকের উদ্বোধনী সেশনে যোগ দেন। জাপান প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৈঠকে উপস্থিত দর্শকদের সাথে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করে বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দুই যুগের অধিক সময় যাবত্ বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় রয়েছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতাসহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রনালয়ের দায়িত্বে নারীরা। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্পে চার মিলিয়ন কর্মীর ৯০ শতাংশই নারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্পিকার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে সাক্ষাত করেন। প্রধানমন্ত্রী অ্যাবে বাংলাদেশ সফরকালে উষ্ণ আতিথেয়তা এবং নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সফরকালে সেদেশের মানুষের প্রাণশক্তি গভীরভাবে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে তার।
