ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ব্যাংক কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫৩
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত থাকা আটক ব্যাংক কর্মকর্তাসহ ১৭জনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ জানান, শুক্রবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত থাকা আটক ১৭ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে নগরীর ৬টি থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন-ভর্তিচ্ছুক পরীক্ষার্থী জায়েদ হাসান, প্রিয়ম সরকার, সাদমান আহমদ সৈকত, মো: বদিউজ্জামান, তরিকুল ইসলাম, সৈয়দ আলমগীর কবীর, রাইসুল ইসলাম, ফারহানা ফারজান নিশাদ, কেএম রেজওয়ানুল এহসান, ইসরাতুল কাওসার, রাফিয়া হাসান, মো: রুহুল আমিন সেতু, সাব্বির হোসেন, হোজ্জাতুল ইসলাম এবং মো: ফুয়াদ হাসান। জালিয়াতি সিন্ডিকেট চক্রের সদস্য ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হক খোকন ও ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের কর্মচারী মো. আব্দুর রহিম।
তবে তাদের বিরুদ্ধে কয়টি মামলা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি প্রক্টর ড. এএম আমজাদ। তিনি জানান, মামলার সঠিক সংখ্যাটি জানা নেই। তবে শাহবাগ, লালবাগ, নিউর্মাকেট, মোহাম্মদপুর, কলাবাগান এবং মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে মোট ৮হাজার ৯৮৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ জানান, এই ইউনিটের ভর্তি পরীক্ষার সব কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হওয়াতে কোন ধরণের জালিয়াতির ঘটনা ঘটেনি।