বুয়েট শিক্ষক সমিতি জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে নতুন উপাচার্য খালেদা ইকরামকে ‘প্রত্যাখ্যান’ করেছে। শনিবার রাতে সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, উপাচার্য নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে আবেদন করা হবে।
সভা শেষে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, ‘উপাচার্য নিয়োগের এই সিদ্ধান্তে আমরা হতাশ ও ক্ষুব্ধ। রাষ্ট্রপতিকে আমরা অনুরোধ জানাচ্ছি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামনে ভর্তি পরীক্ষা বিবেচনায় রেখে আমরা কোনো কমর্সূচিতে যাচ্ছি না। আমরা আশা করব, আমাদের অনুরোধ বিবেচনা করা হবে। অন্যথায় ভর্তি পরীক্ষার পর সমিতির পরবর্তী সাধারণ সভায় কমর্সূচি বা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’।
উপাচার্য হিসেবে এস এম নজরুল ইসলামের মেয়াদ ৩১ আগস্ট শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক খালেদা একরামকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষক সমিতির নেতারা অভিযোগ করে বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতেই বুয়েটে উপাচার্য নিয়োগ করা হয়। কিন্তু খালেদা একরামের নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি ২৬ নম্বরে রয়েছেন।
