ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫৭
জিয়া ট্রাস্ট মামলায় বিচারক নিয়োগের রিট খারিজের হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
 
প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আজ সকালে এ আদেশ দেন।
 
গত জুলাই মাসে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটির বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। ওই রিটের ওপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেয়। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান। তৃতীয় বেঞ্চ খালেদা জিয়ার রিট দুটি খারিজ করে দেয়। এ খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। গত কয়েকদিন লিভ টু আপিলের শুনানি গ্রহণ করে আপিল বিভাগ। শুনানি গ্রহণ শেষে আপিল বিভাগ রবিবার ওই লিভ টু আপিল খারিজ করে দেয়। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে রিভিউ পিটিশন করা হবে কীনা সে ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।
 
আগামী ১৭ সেপ্টেম্বর দুটি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।