চুয়াডাঙ্গার মুন্সিপুর ও বেনীপুর সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার সকালে তাদের আটক করা হয।
আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রামের দিদার আলীর ছেলে নবা গাজী (৪০) ও জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে ঝন্টু মিয়া (৩২)।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবা গাজী ও ঝন্টু মিয়া গরু কেনার জন্য সকালে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ তাদের আটক করে। খোঁজ নিয়ে জানা যায়, বিএসএফ ঝন্টু মিয়াকে ইতোমধ্যেই ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে, আটক নবা গাজিকে ফেরত দেবে নাকি ভারতীয় পুলিশে সোপর্দ করবে রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে জানা যায়নি।
