কুমিল্লায় ছেলে হত্যার অভিযোগ: বাবা গ্রেফতার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১৫
 
কুমিল্লার বুড়িচংয়ে ছেলে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি বাবা আবুল কাশেমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা গ্রামের কাঠ মিস্ত্রি আবুল কাশেমের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তার ছেলে সাইফুল ইসলামের (২৮) সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গত ২৬ জুন রাতে আবুল কাশেম ও সাইফুলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় সাইফুলকে তার বাবা ও তিনি ভাই মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন দুপুরে সাইফুল মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার আবুল কাশেমসহ চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বুড়িচং থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, সাইফুলের বাবা আবুল কাশেমকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।