মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে সংশোধিত অভিযোগ গঠন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২২:০৫

রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে পরিবর্তিত ও সংশোধিত অভিযোগ গঠন করেছেন ট্রাইবুনাল।
রবিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নূর উদ্দীন এই অভিযোগ গঠন করেন।
এ সময় আসামিদের এ অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন।
এর আগে ২০০৯ সালের ১৬ এপ্রিল একই আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৬ ধারায় অভিযোগ গঠন করা হয়েছিল।
দীর্ঘ ৫ বছর পর আবার অভিযোগ পরিবর্তন করে নতুনভাবে অভিযোগ গঠন করার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ট্রাইবুনালের পিপি মো. আবু আবদুল্লাহ ভুঞা বলেন, পূর্বের গঠিত অভিযোগে আইনের ধারায় ত্রুটি ছিল। আগে বিস্ফোরক দ্রব্য আইনের সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের যে ধারাটি যুক্ত ছিল তা সঠিক ছিল না। ন্যায়বিচারের স্বার্থে নতুন করে অভিযোগ গঠন করার মাধ্যমে আইনের এই ত্রুটি সংশোধন করা হলো।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রমনা বটমূলে বোমা হামলার ঘটনা ঘটে।