পঞ্চগড়ের সদর থানায় পারভীন আক্তার (২০) নামে এক নববধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে বাড়ির পাশ^বর্তী পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঐ গৃহবধূর স্বামী আব্দুস সালামকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এ ঘটনায় দুপুরে নিহতের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে জামাতা আব্দুস সালাম, তার মা, ভাবী ও বোনসহ সাতজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী পারভীন আক্তারকে (২০) অমানবিক নির্যাতনের পর হত্যা করে বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেয়। পরে ভোরে আবুস সালামই তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে আব্দুস সালামকে আটক করে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের অভিযোগ, আট মাস আগে বিয়ের পর থেকে আব্দুস সালাম অজ্ঞাত কারণে প্রায় তার স্ত্রীকে নির্যাতন করতো। শনিবার রাতে তার স্বামীসহ পরিবারের লোকজন তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে বলে নিহতের পরিবারের সদস্যদের দাবী।
পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালামসহ সাত জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
