হারিকেন ওডিল শক্তি সঞ্চয় করে রবিবার মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বিরাট ঢেউয়ের সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, ঝড়ের আঘাতে বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপদ্বীপটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর পার্বত্য এলাকাগুলোতে ঝড়ের প্রভাবে ৩৮ সেন্টিমিটার (১৫ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
মায়ামি ভিত্তিক হারিকেন কেন্দ্রটি সতর্ক করে দিয়ে জানায়, ‘এই বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধস সৃষ্টি হতে পারে।’
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার গ্রিনিচ মান সময় সকাল ৬টার বুলেটিনে জানায়, ওডিলের বাতাসের বেগ ঘণ্টায় ১৯৩ কিলোমিটার।
ঝড়টি মাঞ্জানিলো থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিম বেগে অগ্রসর হচ্ছে।
বাজার ক্যালিফোর্নিয়া সুরের কয়েকটি স্থান এবং কাবো সান লাজারো থেকে লা পাজ পর্যন্ত হারিকেন সতর্কতা সংকেত জারি করা হয়েছে। উপদ্বীপটির অন্যান্য স্থানেও ঝড়টির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এনএইচসি সতর্ক করে দিয়ে জানায়, ওডিল এই রবিবার রাত ও সোমবারের মধ্যে বাজা ক্যালিফোর্নিয়া সারের দক্ষিণাঞ্চলের পাশ অতিক্রম করে যাবে। এ সময় এটি ‘আরো শক্তি সঞ্চয় করবে’।
