দুদকের মামলায় মওদুদের ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৯:০৮
 
দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ভাই মনজুর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গুলশানে এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক আয়তনের একটি সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালত এ আদেশ দেয়। 
রবিবার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ জহুরুল হক এ আদেশ দেন। শুনানিকালে ব্যারিস্টার মওদুদ আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ গত ২৬ মে ঢাকার সিএমএম আদালতে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ গত বছরের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। 
এজাহারে উল্লেখ করা হয়, ‘১৯৬০ সালের ২৪ আগস্ট গুলশান আবাসিক এলাকার এক বিঘা ১৩ কাঠা আয়তনের (হোল্ডিং ১৫৯) প্লটটি পাকিস্তানি নাগরিক মো. এহসানকে হস্তান্তর করে তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজউক)।
পরবর্তীতে লিজ গ্রহিতার প্রত্যার্পণ সংক্রান্ত আবেদনের ভিত্তিতে তার স্ত্রী মিসেস ইনজে মারিয়া ফ্ল্যাজ (অস্ট্রেলিয়ান) এর নামে ওই প্লটটি ১৯৬৫ সালে লিজ দলিল হিসেবে রেজিস্ট্রি করে দেয়া হয়।
সরকারি পরিত্যক্ত সম্পত্তি তালিকা প্রণয়ন সংক্রান্ত ‘মিনিস্ট্রি অব কেবিনেট অ্যাফেয়ার্স’ জারির আগেই মিসেস ইনজে মারিয়া ফ্ল্যাজ ও মুক্তিযুদ্ধের পর পরই তার স্বামী মো. এহসানের দেশত্যাগের কারণে উক্ত প্লটটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত হয়।
মামলায় বলা হয়েছে, ‘মওদুদ আহমদ উক্ত সম্পত্তি আত্মসাতের অসৎ উদ্দেশ্যে নিজেকে মিসেস ইনজে মারিয়া ফ্ল্যাজ প্রদত্ত আম মোক্তার নামার (পাওয়ার অব অ্যাটর্নি) দাবিদার দেখানোর জন্য ৭৩ সালের ২ আগস্ট একটি আমমোক্তারনামা তৈরি করেন এবং তা ব্যবহার করে এ বাড়ি আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। মনজুর আহমদ বর্তমানে লন্ডনে রয়েছেন।