প্রতিদিন রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ডাটা চার্জ ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সুযোগ চালু হতে যাচ্ছে। এজন্য আলাদা কোনো রেজিস্ট্রেশন করতে হবে না।
রবিবার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে।
‘সবার জন্য ইন্টারনেট’ লক্ষ্য অর্জনের অংশ হিসেবে এ সেবা দিবে গ্রামীণফোন। যেকোনো ইন্টারনেট প্যাকেজ গ্রাহক পরবর্তী ঘোষণা না দেয়া এ সুবিধা পাবেন।
গ্রামীণফোন পাঁচ কোটি গ্রাহকের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের মার্কেটিং পরিচালক নেহাল আহমেদ ও হেড অব পিআর মোহাম্মদ হাসান।
গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্কে বলেন, গ্রামীণফোন বাংলাদেশে প্রথম অপারেটর হিসেবে ৫ কোটি গ্রাহকের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। এ উপলক্ষে আমরা গ্রাহকদের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কোনো ডাটা চার্জ ছাড়াই ব্যবহারের সুযোগ দিচ্ছি। সামাজিক যোগাযোগ বজায় রাখার জন্য ফেসবুক সেরা মাধ্যম এবং সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেয়ার লক্ষ্য অর্জনে একটি সহায়ক শক্তি।
অ্যালান বঙ্কে বলেন, বাংলাদেশে ১১ কোটির বেশি মানুষের মোবাইল সংযোগ আছে এবং অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন। তবে ইন্টারনেট ব্যবহার ক্রমাগত বাড়লেও এখনো জনসংখ্যার একটি বিরাট অংশ ইন্টারনেট সুবিধা সম্পর্কে জানেন না। তিনি বলেন, আমরা মনে করি যার মোবাইল সংযোগ আছে তার ইন্টারনেট সংযোগ না থাকার কোনো কারণ নেই। এই উদ্যোগের মাধ্যমে আমরা সবার জন্য ইন্টারনেট ব্যবহার অর্থপূর্ণ এবং সহজ করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেলাম।
