চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন, সিন্ডিকেট, ফাইন্যান্স কমিটি ও একাডেমিক কাউন্সিল নির্বাচনে মোট ১৮টি পদের ১৩টিই পেয়েছে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন হলুদ দল। বিএনপি-জামাত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল পেয়েছে তিনটি এবং সতন্ত্র প্রার্থী থেকে দুইজন জয়লাভ করেছেন।
রবিবার বিশ্বদ্যিালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শিক্ষকরা ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আলমগীর চৌধুরী। দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ভোটগণনা শেষে তিনি সাংবাদিকদের নির্বাচনের ফলাফল জানান।
ডিন নির্বাচন: সাতটি অনুষদের ডিন নির্বাচনে হলুদ দল পাঁচটি, সাদা দল একটি এবং সতন্ত্র থেকে দুইটিতে জয় লাভ করেছে। কলা ও মানববিদ্যা অনুষদে ইসলামের ইতিহাসের অধ্যাপক ড. মো. সেকেন্দার চৌধুরী, বিজ্ঞান অনুষদে সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আবদুল করিম, ব্যবসায় প্রশাসন অনুষদে হলুদ দলের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, আইন অনুষদে সতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, জীব বিজ্ঞান অনুষদে হলুদ দল থেকে অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক শংকর লাল সাহা আগামী তিন বছরের জন্য ডিন হিসাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সমাজ বিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সিন্ডিকেট নির্বাচন: অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সহকারী অধ্যাপক পদে হলুদ দলের মাছুম আহমেদ, প্রভাষক ক্যাটাগরিতে হলুদ দলের রাজীব আচার্য সিন্ডিকেট সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।
একাডেমিক কমিটি: সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পদার্থবিদ্যা বিভাগের ড. আবুল খায়ের মোহাম্মদ রেজাউর রহমান ও পরিসংখ্যান বিভাগের আবুল হাসনাত মোহাম্মদ রাকিবুল মাওলা। সহকারী অধ্যাপক পদে রসায়ন বিভাগের ড. ফয়সাল ইসলাম চৌধুরী এবং বাংলা বিভাগের মোহাম্মদ শেখ সাদী নির্বাচিত হয়েছেন। প্রভাষক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফাইন্যন্স এন্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং সমাজতত্ত্ব বিভাগের মুহাম্মদ মহিউদ্দীন চৌধুরী।
ফাইন্যান্স কমিটি: এছাড়াও ফাইন্যান্স কমিটিতে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. রনজিত কুমার চৌধুরী।
