ক্রোমবুকের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস অবমুক্ত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২০:৩১
 
 
 
কিছুদিন আগে অনুষ্ঠিত গুগলের ডেভেলপারদের সম্মেলনেই গুগল জানিয়েছিল, তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের ল্যাপটপ ক্রোমবুকেও চলবে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন। প্রথমবারের মতো এমন কয়েকটি অ্যাপ্লিকেশন অবমুক্ত হলো এবারে। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে যেসব অ্যাপ্লিকেশন ব্যবহার করে সকলে অভ্যস্ত হয়েছেন, সেগুলোকেই ব্যবহার করা যাবে গুগলের ক্রোমবুকে।
প্রথমবারে ক্রোমবুকের জন্য অ্যান্ড্রয়েডের চারটি অ্যাপ্লিকেশন অবমুক্ত করা হয়েছে। এগুলো হলো—
ডুয়োলিংগো - বিনামূল্যের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ভাষা শেখার সুযোগ রয়েছে।
এভারনোট- বিভিন্ন ওয়েবসাইট থেকে নোট নেওয়া যায় এই অ্যাপ্লিকেশনে।
সাইট ওয়ার্ডস- শিশুদের পাঠপ্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে এই অ্যাপ্লিকেশন।
ভাইন- খুব সহজে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস তৈরি করা যায় এর মাধ্যমে।

অ্যান্ড্রয়েডের এসব অ্যাপ্লিকেশন ক্রোমবুকে চলবে মূলত ‘অ্যাপ রানটাইম ফর ক্রোম’ নামের একটি বেটা সংস্করণের ফিচারের মাধ্যমে। এই ফিচারটি ক্রোমবুকে অ্যান্ড্রয়েড অ্যাপস চালানোর জন্য ক্রোম অপারেটিং সিস্টেমে একটি ভার্চুয়াল মেশিন তৈরি করবে। গুগল ক্রোম স্টোরে যুক্ত করা হয়েছে নতুন অ্যাপ্লিকেশনগুলো। খুব দ্রুতই আরও অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এই তালিকায় যুক্ত হবে বলে জানিয়েছে গুগল।