২৫ তারিখের মধ্যে তোবার পাওনা পরিশোধের দাবি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৩
 
আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তোবা গ্রুপের ৫টি কারখানার দেড় হাজার শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। রবিবার মোশরেফা মিশুর নেতৃত্বে শ্রমিক সংগ্রাম কমিটি’র একটি প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেন। এর আগে প্রেসক্লাবের সামনে তারা শ্রমিক সমাবেশ করেন।
সমাবেশে মোশরেফা মিশু তোবার কারখানা বন্ধের নোটিশকে অবৈধ আখ্যা দিয়ে আগামী ২৫ তারিখের মধ্যে সব ধরণের পাওনা পরিশোধের দাবি জানান। তিনি বলেন, কারখানার মালিক দেলোয়ার হোসেন কারখানা বন্ধের যে নোটিশ দিয়েছেন সেটিকে সরকারও অবৈধ আখ্যা দিয়েছে। ফলে ৫টি কারখানার শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন ও দুই ঈদের বোনাস দিতে হবে। অন্যথায় আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গত রোজার ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে তোবা’র শ্রমিকরা আন্দোলন গড়ে তোলেন। এর পর অনশনে গিয়ে তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় করতে হয়। ওই সময় ১৫টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি গড়ে তোলা হয়। মোশরেফা মিশু ওই কমিটির সমন্বয়ক। এর পাশাপাশি কারখানাও দ্রুত খুলে দেয়ার দাবি জানিয়েছি।