গত দুই বছরের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব ‘ন্যাশনাল ক্যাম্পাস আইটি ফেস্ট’। ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ যৌথভাবে এই প্রযুক্তি উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এরিকসন বাংলাদেশ।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআসম আরেফিন সিদ্দিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই ভালো সব কাজের সাথেই সংশ্লিষ্ট থাকে। সরকার যখন তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ও এই উদ্যোগের সাথেই রয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সরকার ২০২১ সালের মধ্যে জ্ঞাননির্ভর সমাজ তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে যাচ্ছে। আর এর জন্য প্রযুক্তির প্রতিটি শাখায় আমাদের ভালো করতে হবে। আর সেটা করতে পারলেই আমরা ডিজিটাল বাংলাদেশের পথে অনেকটাই এগিয়ে যাব।’
বিশেষ অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে এখন প্রযুক্তি বিপ্লব শুরু হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের এই প্রযুক্তি উৎসব এই বিপ্লবের একটি বড় হাতিয়ার এবং দেশের অন্যতম বৃহৎ একটি প্রযুক্তি উৎসব। আমাদের দেশের তরুণরা প্রযুক্তি খাতে তাদের মেধার পরিচয় দিয়েছে। এই উৎসবেও তরুণদের সেই মেধার ঝলক আমরা নিশ্চয় দেখব।’
উৎসবের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিভিন্ন আইটি প্রকল্প, মোবাইল অ্যাপ্লিকেশন এবং বিজনেস আইডিয়ার প্রদর্শনী থাকবে এই আয়োজনে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা এবং আউটসোর্সিং নিয়ে রয়েছে সেমিনার ও কর্মশালা। অন্যান্য বছরের আয়োজনের মতো গেমিং প্রতিযোগিতা এবং আইটি কুইজ প্রতিযোগিতাও থাকবে শিক্ষার্থীদের জন্য। দেশের ৭০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের দেড় সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করবে দুই দিনের এই আয়োজনে। আর তাদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় সর্বমোট ২ লাখ টাকা মূল্যের পুরস্কার ছাড়াও থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।
এই উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এরিকসন বাংলাদেশ, গোল্ড স্পন্সর রবি, ট্রাভেল পার্টনার সহজ ডটকম, ডিভাইস পার্টনার সিম্ফনি এবং অনলাইন পার্টনার হিসেবে রয়েছে টেক শহর ডটকম।
