আ.লীগের সব নেতাকে কেনা যায়, প্রধানমন্ত্রীকে নয়: প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২৩:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সংসদের অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই দলের কয়েকজন নেতাকে উদ্দেশ করে বলেছেন, শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়। 

অধিবেশন শেষে সরকারদলীয় সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, চিফ হুইপ আ স ম ফিরোজ, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, দবিরুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বেশ কয়েকজন শেখ হাসিনার আসনের পাশে এসে দাঁড়ান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওঠে দাঁড়িয়ে সংবিধান সংশোধন বিল নিয়ে কথা বলতে শুরু করেন। সাংসদেরা কেউ কেউ বলেন, সুপ্রিম কোর্টের বিচারকেরা বিলের বিরোধিতা করছেন। তাঁদের সঙ্গে সরকারপক্ষের আইনজীবীরাও যোগ দিয়েছেন। কয়েকজন বিলের বিষয়ে ড. কামাল হোসেন ও আমীর-উল ইসলামের অবস্থান তুলে ধরেন।
তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষ থেকে বের হতে হতে বলেন, ‘আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়, এটাই সমস্যা। শেখ হাসিনা ছাড়া।’ প্রধানমন্ত্রীর এ বক্তব্য সংসদের সাংবাদিক গ্যালারি থেকে শোনা যায়।
এর আগে অধিবেশন চলাকালে হুইপ আতিউর রহমান নিজের আসন ছেড়ে রেলমন্ত্রী মুজিবুল হকের আসনে বসলে প্রধানমন্ত্রী তাঁকে উদ্দেশ করে ধমক দেন। এ সময় আতিউর রহমান চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে কথা বলছিলেন। প্রধানমন্ত্রী পেছন ফিরে আতিকের উদ্দেশে বলেন, ‘সব সময় এখানে কী করছেন? পেছনে গিয়ে বসেন।’ হুইপ আতিউর রহমান সঙ্গে সঙ্গে সেখান থেকে ওঠে নিজের আসনে গিয়ে বসেন।