১ শতাংশ সারচার্জ দিতে হবে মোবাইল অপারেটরদের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১১
 
মোবাইল ফোনের সেবার ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড এই প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত মোট আয়ের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই খাত থেকে পাওয়া রাজস্ব শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে।