নরসিংদীতে নির্মাণাধীন ভবনের পাশে যুবকের লাশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৪২

নরসিংদীতে একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে নয়ন মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় সদর মডেল থানা পুলিশ শহরের সাটিরপাড়া মহল্লার একটি নির্মাণাধীন ভবন থেকে নয়নের লাশ উদ্ধার করে। তিনি সাটিরপাড়া মহল্লার মৃত হান্নান মিয়ার ছেলে।
জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা আজ সকালে নয়ন মিয়াকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।  এর কিছুক্ষণ পরই নরসিংদী প্লাজার কর্মচারীরা ভবনটির পাশে নয়নের মৃতদেহ পড়ে আছে বলে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে নিহতের স্বজনরা এসে নয়নের মৃতদেহ শনাক্ত করে। এ সময় নিহত নয়নের স্বজনরা উত্তেজিত হয়ে নরসিংদী প্লাজার অফিস ও একটি প্রাইভেটকার ভাংচুর করে।
পরিবারের অভিযোগ, নির্মাণাধীন ভবনটির মালিক রমজান মিয়ার ভাই মোরশেদ মিয়া বাসা থেকে ডেকে নিয়ে যায় নয়নকে। এরপর তাকে মারধোর করে নরসিংদী প্লাজার ১০ তলা থেকে ধাক্কা দিয়ে গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেয়।  
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাশেম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে মোরশেদসহ ৪ জনকে আটক করা হয়েছে।