বইটি পড়লে রিজভী অনুতপ্ত হবেন: মওদুদ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪১

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পুরো বইটি রিজভী পড়েননি, পড়লে তিনি অনুতপ্ত হবেন।
সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নিজের লেখা বই নিয়ে দলের মধ্যে সমালোচনার জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন মওদুদ।
গত শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিএনপির নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ‘বাংলাদেশ: ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারমাথ: ২০০৭-২০০৮’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হওয়ার পর হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মাহবুবউল্লাহর ওপর।

প্রকাশিত বইয়ে জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক, ছেলেদের প্রতি খালেদার প্রীতি এবং চারদলীয় জোট সরকারের দুর্নীতির প্রসঙ্গ আসায় এ নিয়ে দলের মধ্যে সমালোচনা শুরু হয়।
সোমবার সকালে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদকে দলছুট ও সুবিধাবাদী রাজনীতিক বলে আখ্যা দিয়েছেন।
সুপ্রিম কোর্টে রিজভীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মওদুদ বলেন, আমি খুব দুঃখ পেলাম। কারণ, রিজভীকে আমি আমার ছোটো ভাইয়ের মতো মনে করেছি। তিনি যে মন্তব্য করেছেন, আমি এটা তার কাছে আশা করিনি।