পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার পুলিশকে লক্ষ্য করে চালানো জঙ্গি হামলায় তিনজন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানান।
পেশোয়ারের প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণপশ্চিমে তহলে আত্নঘাতি হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। এদিকে দেরা ইসমাইল খানে থানা প্রধানের বাড়িতে তার দুই ভাই নিহত হন।
জেলা পুলিশ প্রধান আনোয়ার সাঈদ কুন্দি এএফপিকে বলেন, ‘সবোর্চ্চ ছয় জঙ্গির একটি গ্রুপ তহল থানায় হামলা চালায় এবং পুলিশ তাদের বাধা দিলে হামলাকারিদের একজন নিজেকে উড়িয়ে দেয়। এসময় পুলিশ পাল্টা গুলি চালায়।’
তিনি জানান, এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত ও অপর একজন আহত হন। তিনি আরো জানান, আত্নঘাতি হামলার পর অবশিষ্ট হামলাকারিরা পালিয়ে যায়।
জেলা পুলিশ প্রধান সাদিক বালচ বলেন, পেশোয়ারের ২শ’ ৪০ কিলোমিটার দক্ষিণে দেরা ইসমাইল খানে থানা প্রধানের বাড়িতে পৃথক জঙ্গি হামলায় তার দুই ভাই নিহত হন।
তিনি আরো জানান, হামলার সময় ওই পুলিশ কর্মকর্তা বাসায় ছিলেন না।
তবে তাত্ক্ষনিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ওই এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায় তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে থাকে। সূত্র-বাসস।
