আবারো কমেছে স্বর্ণের দাম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৪

২০ দিনের ব্যবধানে আবারো কমল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে মানভেদে এক হাজার ১৬৭ টাকা থেকে এক হাজার ৪৮১ টাকা পর্যন্ত কমেছে। মঙ্গলবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস।

সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ৪৫৮ টাকা কমেছে। গতমাসের ২৫ তারিখ থেকে পর্যন্ত সোমবার এ মানের স্বর্ণ বিক্রি হতো ৪৭ হাজার ১৮১ টাকায়। মঙ্গলবার থেকে তা বিক্রি হবে ভরিপ্রতি ৪৫ হাজার ৭২৩ টাকা দরে।

২১ ক্যারেট স্বর্ণে কমেছে এক হাজার ৪২৩ টাকা। এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৫ হাজার ৪৬ টাকার বদলে ৪৩ হাজার ৬২৩ টাকা করে বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এক হাজার ৪৮১ টাকা কমে এখন বিক্রি হবে ৩৬ হাজার ৯৭৫ টাকায়। সোমবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৩৮ হাজার ৪৫৬ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরিতে কমেছে এক হাজার ১৬৭ টাকা। ভরিপ্রতি স্বর্ণ ২৬ হাজার ২৪৪ টাকার বদলে এখন তা ২৫ হাজার ৭৭ টাকায় বিক্রি হবে।

এদিকে স্বর্ণের পাশাপাশি মঙ্গলবার থেকে কমছে রুপার দামও। সোমবার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ১৬৬ টাকা। মঙ্গলবার থেকে তা বিক্রি হবে একহাজার ১০৮ টাকায়। অর্থাত্ প্রতি ভরিতে রুপার দাম কমেছে ৫৮ টাকা।