জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্থান্তর করেছিলাম। কি পেলাম? ৭৪টি মামলা দেয়া হলো আমার নামে। বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে আমাকে সাড়ে তিন বছর জেলে রাখে ছিলো বিএনপি। আমার স্ত্রী আমাকে হাসপাতালে নেয়ার জন্য খালেদা জিয়ার কাছে আবেদন করেছিলো। তিনি অনুমতি দেয়নি। আজ তিনিই গৃহবন্দি। সভা সমাবেশ করতে পারেন না। সংসদে নেই। মাঠে নেই। নেই আন্দোলনেও। আমরা সব ক্ষেত্রেই আছি। আগমী নির্বাচনে জাতীয় পার্টি ১৫১ সিটে জয়ী হয়ে আবার ক্ষমতায় যাবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ প্রশাসনে দলীয়করণ। সরকারি দলের বিরুদ্ধে কোন মামলা নেয়া হয় না। একের পর এক খুন-গুম হলেও থানায় মামলা নেয় না।
এ্যাডভোকেট ইউসুফ মোল্লার সভাপতিত্বে এ সম্মেলনে জাতীয় পার্ঠির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সিনিয়র যুগ্ন মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, বরিশাল মহানগর আহ্বায়ক গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আবুল হোসন বাবলা এমপি, এম এ হান্নান এমপি, নলছিটি উপজেলা সভাপতি আঃ জলিল গাজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে আলহাজ্জ মো. বজলুর রহমানকে সভাপতি, আলহাজ্জ মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আলী হোসেন নান্নুকে সাংগঠনিক সম্পাদক করে জেলা জাতীয় পার্টির ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
