দুই মাসেরও অধিক দুই জন তথ্য কমিশনারের শূন্য পদ পূরণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দেরি না করে শূন্য পদের বিপরীতে দুইজন কমিশনারের নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
সোমবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত ৩০ জুন তথ্য কমিশনের দুই জন তথ্য কমিশনারের মেয়াদ শেষ হলেও এখনো শূন্য পদে কমিশনার নিয়োগ না করায় তথ্য অধিকার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি অনতিবিলম্বে শূন্য পদ দুটিতে যোগ্য দুই জন কমিশনার নিয়োগ দেয়ার আহ্বান জানান।
টিআইবি একই সাথে ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী উদযাপিত ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’ কে সরকারিভাবে স্বীকৃতি এবং জাতীয়ভাবে উদযাপনের আহ্বান জানিয়েছে।
