প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বিক্রি শুরু হচ্ছে ভারতের বাজারে। ভারতের তিন মোবাইল নির্মাতা মাইক্রোম্যাক্স, কার্বন এবং স্পাইস এই স্মার্টফোনগুলো তৈরি করবে। খবর বিবিসির।
স্মার্টফোন বা ট্যাবলেট পিসির জন্য তৈরি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রতিটি আপডেটেই মূলত হাই-কনফিগারেশনের হার্ডওয়্যারের দিকে নজর দেওয়া হয়ে থাকে। সেখানে তুলনামূলক কম কনফিগারেশনের হার্ডওয়্যারেও যাতে অ্যান্ড্রয়েডের সব ফিচার চমত্কারভাবে উপভোগ করা যায়, সেই দিকে লক্ষ্য রেখেই ডিজাইন করা হয়েছে অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ওয়ান।
অ্যান্ড্রয়েডের দায়িত্বে থাকা গুগল কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, প্রথম ব্যাচের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনগুলোর মূল্য হবে ৬ হাজার ৪শ রুপির মধ্যে।
IMG0
বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে পিচাই বলেন, ‘আমাদের মূল লক্ষ্যই ছিল স্বল্প খরচের মধ্যে উন্নত মানের অ্যান্ড্রয়েড ফোন তৈরি করার। আমরা সেই লক্ষ্যে এখন পৌঁছে গেছি। আর তার ফলশ্রুতিতেই ভারতের বাজারে এই স্মার্টফোনগুলো যাত্রা শুরু করতে যাচ্ছে।’
অ্যান্ড্রয়েড ওয়ানের জন্য গুগল অবশ্য হার্ডওয়্যারের ন্যূনতম কিছু মান নির্ধারণ করে দিয়েছে। যেমন—এই স্মার্টফোনগুলোতে ডিসপ্লে থাকতে হবে সাড়ে ৪ ইঞ্চি, র্যাম থাকতে হবে ১ গিগাবাইট, ডুয়াল ক্যামেরা হিসেবে দুইটি ক্যামেরার রেজ্যুলেশন হবে ৫ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল, প্রসেসর হিসেবে থাকবে কোয়াডকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েডের পরের সংস্করণটি সমর্থন করতে হবে। গুগল জানিয়েছে, ফোন নির্মাতারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী এর চেয়ে উন্নত কনফিগারেশনও ব্যবহার করতে পারবে। প্রথমবারের মতো এই ফোনগুলো ভারতের বাজারে আসায় ভারতের জন্য বিশেষায়িত কিছু অ্যাপসও থাকবে এসব ফোনে।
