নকিয়াকে কিনে নেওয়ার পর এখন পর্যন্ত মাইক্রোসফট নকিয়ার ফোনগুলোকে নকিয়া নামেই বাজারে ছেড়ে আসছে মাইক্রোসফট। তবে খুব শীঘ্রই নকিয়া নাম বদলে দিয়ে নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট। গিক অন গ্যাজেটসের এক প্রতিবেদনে মাইক্রোসফটের এই পরিকল্পনার কথা প্রকাশ পেয়েছে।
নকিয়ার স্মার্টফোনগুলোকে মূলত লুমিয়া সিরিজের আওতায় বাজারে ছেড়ে এসেছে নকিয়া। একই ধারাবাহিকতা বজায় রেখেছে মাইক্রোসফটও। তবে নিকট ভবিষ্যতে লুমিয়া সিরিজের এসব ফোনকে কেবল ‘উইন্ডোজ’ হিসেবেই পরিচিত করিয়ে তুলতে চায় মাইক্রোসফট। শুধু তাই নয়, নিজেদের স্মার্টফোন অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ফোনে’র নামও শুধু ‘উইন্ডোজ’ হিসেবে চালু রাখার চিন্তা মাইক্রোসফটের। এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির সর্বশেষ কিছু প্রচারণামূলক কার্যক্রমে ‘উইন্ডোজ ফোন’ শব্দগুচ্ছের বদলে শুধু ‘উইন্ডোজ’ ব্যবহার করা হয়েছে।
IMG0
প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, একীভূত উইন্ডোজের যে ধারণা নিয়ে কাজ করছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, তার বাস্তবায়নেই নাম বদলের এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। নাদেল্লা তার ভিশনে সব ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে একটি একক অপারেটিং সিস্টেমে পরিণত করার কথা জানিয়েছেন কয়েকমাস আগে। সেক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটিমাত্র সংস্করণ ব্যবহার করা যাবে সব ধরনের ডিভাইসেই। ইতোমধ্যে এই চিন্তা থেকেই সব ডিভাইসের জন্য একক উইন্ডোজ স্টোরও চালু করেছে মাইক্রোসফট।
