মাত্র ৬ মিলিমিটার পুরুত্বের ট্যাবলেট পিসি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ডেল। ইন্টেল ডেভেলপারস ফোরামে ‘ডেল ভেন্যু ৮ ৭০০০’ মডেলের এই ট্যাবলেট পিসি অবমুক্ত করেছে ডেল।
এতদিন পর্যন্ত সবচেয়ে কম পুরুত্বের ট্যাবলেট পিসির জায়গাটি দখলে ছিল সনির এক্সপেরিয়া জেড ২-এর। এর পুরুত্ব ছিল ৬.৪ মিলিমিটার। এর থেকেও ০.৪ মিলিমিটার পুরুত্ব কমাতে সক্ষম হয়েছে ডেলের নতুন এই ট্যাবলেট পিসি।
ডেলের এই ট্যাবলেট পিসিতে রয়েছে ৮.৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে যা ২,৫৬০ বাই ১,৬০০ রেজ্যুলেশন সমর্থন করে। ফলে ফুল এইচডি গেম বা ভিডিও দেখার জন্য এটি একটি আদর্শ ডিসপ্লেতে পরিণত হয়েছে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের অ্যাটম জেড ৩৫০০ প্রসেসর। আর বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে ইন্টেলের রিয়েলসেন্স থ্রিডি ক্যামেরা। এতে করে ডেল ভেন্যুর নতুন এই ট্যাবলেট পিসির মাধ্যমে থ্রিডি ছবি ধারণ করা সম্ভব হবে। আর এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ বা অ্যান্ড্রয়েড এল ব্যবহূত হবে বলে জানা গেছে।
এই ট্যাবলেট পিসির হার্ডওয়্যার কনফিগারেশন সম্পর্কে অবশ্য এর চেয়ে বাড়তি কোনো তথ্য প্রকাশ করেনি ডেল। কবে নাগাদ এটি বাজারে আসবে, সে সম্পর্কেও তারা নির্দিষ্ট করে কিছু বলেনি। তবে চলতি বছরের শেষের দিকে এটি বাজারে আসতে পারে ধারণা দিয়েছে তারা।
