ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঐ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ঐ শিক্ষক যে অপরাধ করেছেন, তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার মতো। এখন বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি করবে। তার সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে অভিযুক্ত ঐ শিক্ষক দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
এর আগে দুপুর দেড়টার দিকে রেজিস্টারের বরাবর তিনি স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দেন।
এদিকে সিন্ডিকেট সভা চলাকালীন এই শিক্ষকের শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিভাগের শিক্ষার্থীরা সিনেট ভবনে মানববন্ধন করে। অন্যদিকে অধ্যাপক সাইফুলকে কলা ভবনের ষষ্ঠ তলায় তার কক্ষে অবরুদ্ধ করে রাখে আরেক দল শিক্ষার্থী।
