মান্না দের মূল্যবান জিনিস গায়েব

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ০০:৩৩

বাড়ি বদলাতে গিয়েই মান্না দের মেয়ে সুমিতা দে ও তাঁর স্বামী জ্ঞানরঞ্জন দে আবিষ্কার করলেন, মান্না দের বেশ কিছু মূল্যবান সামগ্রী গায়েব হয়ে গেছে। এর মধ্যে রয়েছে মান্না দের গানের খাতা, দাদাসাহেব ফালকে পুরস্কারের সঙ্গে পাওয়া দামি চাদর, কয়েকজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া চিঠিপত্রের ফাইল এবং মান্না দের মায়ের দেওয়া প্রবালের আংটি। খুঁজে পাওয়া যায়নি মান্না দেকে অমিতাভ বচ্চনের নিজের হাতে লেখা চিঠিও।

মান্না দে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর কল্যাণগড়ে ছোট মেয়ে সুমিতা দের বাসভবনে। সুমিতা দে বলেছেন, কেউ ওই সব সামগ্রী পেয়ে থাকলে তা যেন তাঁর কাছে পৌঁছে দেন।
শিল্পী মান্না দে গত বছরের ২৪ অক্টোবর রোগভোগের পর বেঙ্গালুরুর নারায়ণন হৃদয়ালয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।